বিষধর রাসেল ভাইপার আটক করল কিশোর

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে একটি বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের বাচ্চা আটক করেছে এক কিশোর। শুক্রবার বিকালে উপজেলার হাসাইল বাজারে মাছঘাট এলাকায় পদ্মা নদীর শাখা পয়েন্টে রাসেল ভাইপার সাপটি দেখতে পায় আলভী নামের স্থানীয় এক কিশোর। পরে ঐ কিশোর সাপটিকে আটক করে একটি প্লাস্টিকের বোতলে ভরে ফেলে। কিশোর আলভী হাসাইল বাজারে হোটেল ব্যবসায়ী রিপন শিকদারের ছেলে।

রিপন শিকদার বলেন, ন্যাশনাল জিওগ্রাফি ও ডিসকভারি টিভি চ্যানেল দেখে তার ছেলে সাপ ধরা শিখেছে। নদীতে ভেসে আসতে দেখে সে সাপটি আটক করে প্লাস্টিকের জারে বন্দি করে। সাপটি লম্বায় আনুমানিক দেড় ফুট। তিনি আরো বলেন, উপজেলা বন্যপ্রাণী বিভাগে সাপটি হস্তান্তর করার জন্য একাধিক বার যোগাযোগ করা হলেও তারা একেক জন একেক টেলিফোন নম্বর দিয়ে যোগাযোগ করতে বলছেন। কিন্তু কেউ সাপটির দায়িত্ব নিতে চাচ্ছেন না।

স্থানীয়রা জানায়, একই এলাকায় মাসখানেক পূর্বেও একটি বড় রাসেল ভাইপার আটক হয়েছিল। পরে স্থানীয়রা পিটিয়ে সাপটি মেরে ফেলে। কিছুদিন পর পর রাসেল ভাইপার আটকের ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা বন বিভাগের কর্মকর্তা মো. আবু তাহের বলেন, ‘রাসেল ভাইপার বিশাক্ত প্রজাতির সাপ। আমরা বন্যপ্রাণী বিভাগের সঙ্গে যোগাযোগ করে শিগিগরই সাপটি উদ্ধার করে সংরক্ষণের ব্যবস্থা করব।