ইত্তেফাক রিপোর্ট
হাতিরঝিল এলাকায় মালিকের সঙ্গে ভাড়াটিয়ার মধ্যে রাতে বাসার গেট খোলাকে কেন্দ্র করে বাগিবতণ্ডা ও হাতাহাতির ঘটনায় ভাড়াটিয়া এক বৃদ্ধ মারা গেছেন। নিহত ব্যক্তির নাম কামরুল ইসলাম। গত শুক্রবার রাতে পশ্চিম রামপুরা উলন রোডের ৫৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। মৃত কামরুল পরিবার নিয়ে গত কয়েক বছর ধরে ঐ বাড়িতে বসবাস করেন।
হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন ফারুক বলেন, শুক্রবার রাতে বাসার গেট খোলাকে কেন্দ্র করে ভাড়াটিয়া কামরুলের সঙ্গে ভবনের মালিক জিকুর বাগিবতণ্ডা হয়। এক পর্যায়ে জিকু ক্ষিপ্ত হয়ে বৃদ্ধের মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে ঐ বৃদ্ধ গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া বাড়ির মালিক জিকু পলাতক । তাকে আটক করতে অভিযান চলছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হচ্ছে বলে তিনি জানান।