পঞ্চগড়ে ব্রিজ ও সংযোগ সড়ক ভেঙে গেছে

পথচারী ও যানবাহন চলাচল বন্ধ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সুগার মিল থেকে মাড়েয়া হয়ে দেবীগঞ্জ উপজেলা সড়কের মানিকপীর ভক্তেরবাড়ি নামক ব্রিজ ও সংযোগ সড়ক ভেঙে গেছে। অতিরিক্ত পানির চাপে শুক্রবার ব্রিজের উত্তর পার্শ্বের সংযোগ সড়ক ভেঙে গেছে। ব্রিজের দক্ষিণ পার্শ্বের সংযোগ সড়কও ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। এর ফলে সড়ক দিয়ে পথচারীসহ সকলপ্রকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ।

বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের গড়েরডাঙ্গা এলাকার আব্দুর রহমান, আব্দুল আজিজ জানান, গত কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে এলাকায় নিম্নাঞ্চল তলিয়ে যায়। অতিরিক্ত বর্ষণে পানির স্রোত বেশি হওয়ায় ব্রিজ ও ব্রিজের সংযোগ সড়ক ভেঙে যায়।

আকস্মিক ব্রিজ ও সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় তিন উপজেলার পাঁচটি ইউনিয়নের বাসিন্দা ছাড়া জেলা শহর থেকে দেবীগঞ্জ উপজেলা সদরে যাতায়াতের এ সড়কটি দিয়ে হাজার হাজার মানুষ, ছোটবড় যানবাহন চলাচল করে। যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ে চলাচলকারীরা। অনেককে এখন দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। অপরিকল্পিতভাবে ব্রিজ নির্মাণ, নিম্নমানেরসামগ্রী দিয়ে সড়ক নির্মাণ করায় পানির স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় সংযোগ সড়কটি ভেঙে গেছে বলে মনে করছেন এলাকাবাসী।

বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, পানির অতিরিক্ত স্রোতের কারণে ব্রিজের দক্ষিণ পার্শ্বের ব্রিজের একটি অংশ ও সংযোগ সড়ক ভেঙে যায়। স্থানীয় লোকজন আমাকে বিষয়টি অবহিত করলে আমি সড়ক জনপথ দপ্তরকে জানাই। পরে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপসহকারী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

পঞ্চগড় সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম জানান, ব্রিজের উত্তর পার্শ্বের ১৮ ফিট সংযোগ সড়ক ভেঙে গেছে। ব্রিজের দক্ষিণ পার্শ্বের সংযোগ সড়কও ভাঙতে শুরু করেছে। ২০০৯-২০১০ অর্থবছরে মানিকপীর ভক্তেরবাড়ি ব্রিজ নির্মাণ করা হয়েছিল। গত অর্থবছরে ২ কোটি টাকা ব্যয়ে ঐ সড়কটির ১১ কিলোমিটার সংস্কার কাজ করা হয় বলেও তিনি জানিয়েছেন।

পঞ্চগড় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, অতিরিক্ত পানির চাপে সংযোগ সড়কটি ভেঙে গেছে। আপাতত সেখানে বেইলি ব্রিজ নির্মাণ করা হবে। সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে নতুন ব্রিজ নির্মাণ করা হবে, না পূর্বের ব্রিজ মেরামত করা হবে তা সিদ্ধান্ত নেবেন। 

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, ব্রিজ ও সংযোগ সড়ক ভেঙে চলাচল বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি খবর পেয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আপাতত চলাচলের জন্য বেইলি ব্রিজের ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে।