দিনাজপুরের চিরিরবন্দর থেকে মা-ছেলেকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিআইডির দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল শনিবার রংপুর সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বরখাস্তকৃত সিআইডির সদস্যরা হলেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক। আতাউর রহমান বলেন, তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে এই ঘটনায় প্রধান অভিযুক্ত সিনিয়র এএসপি সারোয়ার কবির সোহাগের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিআইডি থেকে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত আসেনি।
সিআইডি রংপুর জোনের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আতাউর রহমান আরো বলেন, দিনাজপুরের চিরিরবন্দরে সিআইডির মা ও ছেলেকে অপহরণের পর মুক্তিপণের টাকা চাওয়ার অভিযোগে গ্রেফতার রংপুর জোন সিআইডির সিনিয়র এএসপি সারোয়ার কবির সোহাগ, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল ফারুকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিআইডি হেডকোয়ার্টারে প্রতিবেদন পাঠিয়েছে রংপুর জোন সিআইডি। তিনি বলেন, জড়িত তিন সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিবেদন পাঠানো হয়েছে। এরই মধ্যে এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার দিনাজপুরের বাশেরহাট থেকে তাদের আটক করা হয়। পরদিন তাদের অপহরণ মামলায় গ্রেফতার দেখিয়ে বিকাল পাঁচটার দিকে আদালতে তোলা হয়। পরে দিনাজপুর আমলি আদালতের-৪-এর বিচারক শিশির কুমার বসু তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলার তদন্তভার দিনাজপুর জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) দেওয়া হয়েছে।