জাপান থেকে এসেছে অ্যাস্ট্রাজেনেকার আরো ৬ লাখ ৩৪ হাজার ডোজ টিকা

জাপান থেকে উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরো ৬ লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ টিকা দেশে এসেছে। গতকাল শনিবার সন্ধ্যায় জাপান থেকে টিকার পঞ্চম ও শেষ চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে শুক্রবার স্থানীয় সময় রাতে নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট টিকার চালানটি নিয়ে ঢাকার উদ্দেশে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। নারিতা বিমানবন্দর থেকে ঐ টিকার চালান বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরুর সময় সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দীন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রতি অব্যাহত সহযোগিতার জন্য দূতাবাস জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশকে ৩০ লাখ ডোজ করোনা টিকা দেওয়ার ঘোষণা দিয়েছিল বন্ধু রাষ্ট্র জাপান।