সাভারের ফ্ল্যাটে ড্রামে অজ্ঞাত ব্যক্তির লাশ

সাভারে একটি বহুতল ভবনের ফ্ল্যাটে ড্রামের ভেতর অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে। শনিবার বিকালে উপজেলার জামগড়া এলাকার ইদ্রিস কাজীর মালিকানাধীন পাঁচতলা বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাট থেকে গলিত মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বাড়ির মালিকের স্ত্রী নাছরিন কাজী বলেন, দুই-তিন দিন ধরে ঐ ফ্ল্যাটের সামনে থেকে দুর্গন্ধ আসছিল। ফ্ল্যাটের দরজা বাইরে থেকে লক করা ছিল। পরে অন্য ভাড়াটিয়ারা শনিবার আমাদের ফোন করে বিষয়টি জানায়। এরপর বিকালে আমরা ভাড়াটিয়াদের নিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে প্রবেশ করে টয়লেটের ভেতর পানির ড্রামের মধ্যে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখি। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নাসের জানান, নিহতের মরদেহ পচে এতটাই বিকৃত হয়ে গেছে যে, তার পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। হত্যারহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।