ব্রাহ্মণবাড়িয়ার ট্রলারডুবি: এক পরিবার হারালো ৪ সদস্য, শোকের মাতম 

বিজয়নগরে ট্রলার ডুবির ঘটনায় শোকের ছায়া পড়েছে উপজেলার বিভিন্ন গ্রামে। একদিনে এত লোক নিহত হওয়ার ঘটনা এই উপজেলায় ঘটেনি এর আগে। এদিকে উপজেলার গেরারগাঁও গ্রামের একই পরিবারের মা, মেয়ে, নানী, চাচীসহ ৪ জন নিহত হওয়ার ঘটনায় মানুষজন শোকে বিহ্বল হয়ে পড়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলার যোগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে পানিতে ডুবে গেরারগাঁও গ্রামের কমলা বেগম (৬৫), তার মেয়ে ফরিদা বেগম (৪৫), নাতিন মুন্নি বেগম (১০) ও ঝা রিনা বেগম (৬০) নিহত হন। 

শনিবার দুপুর ১২টার দিকে চম্পকনগর ঈ্ঁদগাহ মাঠে একসাথে ৪ জনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় নিহতের পরিবারের লোকজন বিলাপ করে কাঁদতে থাকে- তখন হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়। 
এলাকার একাধিক বৃদ্ধ লোক বলেন, স্বাধীনতার পর এই এলাকায় একসাথে ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেনি এবং এত লোকের জানাজাও একসাথে অনুষ্ঠিত হয়নি। তাদের জানাজায় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠকসহ বিভিন্ন স্থানের শত শত লোক অংশ নেন।

ইত্তেফাক/এসজেড