পদ্মায় ধরা পড়ল ১০ মণের ‘শাপলা পাতা’ মাছ

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে রবিবার ভোররাতে জেলে বাবু হালদারের জালে ১০ মণ ওজনের একটি ‘শাপলা পাতা’ মাছ ধরা পড়েছে। পরে মাছটি বিক্রির জন্য সকালে দৌলতদিয়া ট্রাক টার্মিনালসংলগ্ন একতা মাছের আড়তে নিয়ে আসেন। আড়তদার রেজাউল মাছটি বিক্রির জন্য ডাকে তুললে মাছ ব্যবসায়ী রাজবাড়ীর কুটি মণ্ডল ৮ হাজার টাকা মণ দরে ৮০ হাজার টাকায় কিনে নেন।

স্থানীয় জেলে বাবু হালদার বলেন, বহু দিন পরে হলেও আমাদের জালে এত বড় একটা মাছ ধরা পড়ায় আমরা ট্রলারের সবাই খুবই খুশি। সাধারণত নিয়মিত ট্রলারে কটসুতার জাল নিয়ে পদ্মায় বড় মাছ শিকারে যাই। এত বড় মাছ আমার জালে এই প্রথম ধরা পড়ল। তবে জালে আটকানোর পড়ে মাছটি বেশি লাফালাফি করেনি। যে কারণে দ্রুত মাছটি ডাঙায় তুলতে পেরেছি।

দৌলতদিয়া ঘাট এলাকার অনেকেই বলেন, পদ্মায় ১৫/১৬ বছর আগে এক বার শাপলা পাতা মাছ পাওয়া গিয়েছিল। এ মাছটি সাধারণত নদীর তলায় মাটি স্পর্শ করে পথ চলে। যে কারণে সহজে জালে ধরা পড়ে না। হয়তো তীব্র স্রোতের কারণে মাটি থেকে ওপরের দিকে এসেছে যে কারণে জেলের জালে ধরা পড়েছে।

জেলা মত্স্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, এটি শাপলা পাতা মাছ নামেই পরিচিত। এটি সাধারণত কক্সবাজার এলাকায় পাওয়া যায়। তবে কম পাওয়া যায়। এ মাছ খেতে বেশ সুস্বাদু।