রংপুরে নিম্নমানের ইউরিয়া সার সরবরাহ ও বিক্রি বন্ধের দাবি জানিয়েছে একাধিক সংগঠন। তাদের অভিযোগ, বর্তমানে ভেজাল সার ও কীটনাশকের সরবরাহ বাড়াতে কৃষকরা প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে ফসলের উৎপাদন ব্যহত হচ্ছে। নিম্নমানের সার ও কীটনাশক প্রয়োগের কারণে ফসলের ক্ষতি হলে কৃষকরা ক্ষতিপূরণ পাচ্ছেন না।
রবিবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে রংপুর নগরীর কাচারি বাজার চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে এ অভিযোগ তোলা হয়। সকালে রংপুর প্রেসক্লাব চত্বর থেকে বের হওয়া একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে গিয়ে মিলিত হয়। পরে তারা দাবি আদায়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।
নেতারা অবিলম্বে ভেজাল সার ও কীটনাশকের কারণে ফসলের ক্ষতি হলে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার দাবি জানান। একই সঙ্গে সয়ারিন তেল, চিনি, চাল, ডাল ওষুধসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো, ক্ষেতমজুদদের সারাবছর কাজের ব্যবস্থা, গ্রাম ও শহরে শ্রমজীবীদের জন্য আর্মিরেটে রেশনিং পদ্ধতি চালুর দাবি তোলেন।
ইত্তেফাক/এসআই