ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লইস্কার বিলে দুর্ঘটনাকবলিত ট্রলারটি অবশেষে উদ্ধার করা হয়েছে। তিন দিন পর উদ্ধার কাজের পরিসমাপ্তি ঘটেছে। রবিবার সকালে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধারকারী দল নদীর তলদেশ থেকে ক্রেনের মাধ্যমে ট্রলারটি উদ্ধার করে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, গত শুক্রবার দুর্ঘটনার পর পর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করে এবং ২২ জনের লাশ উদ্ধার করে। রবিবার সকালে ২০ টনের একটি চেইন কাপ্পার মাধ্যমে ট্রলারটি পানির নিচ থেকে ওপরে উঠানো হয়। এর নিচ বা কোথাও কোনো লাশ খুঁজে পাওয়া যায়নি। জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান জানিয়েছেন, এখন পর্যন্ত ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার বিকালে লইস্কার বিলে বালুবাহী ট্রলার ও যাত্রী বোঝাই ট্রলারের সংঘর্ষে নারী-শিশুসহ ২২ জন নিহত হয়। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে সাত জনকে আসামি করে বিজনগর থানায় মামলা হয়। এ ঘটনায় পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করেছে।