সংবাদ সংক্ষেপ

জয়পুরহাটে ছয় মাদকসেবী গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে শনিবার রাতে রেলগেট এলাকা থেকে ছয় মাদকসেবীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি এ কে এম এনামুল করিম জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের আভিযানিক দল জেলা সদরের রেলগেট এলাকা হতে মাদক সেবনের সময় ছয় জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল সেটসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আইনশৃঙ্খলা কমিটির সভা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা পাকুন্দিয়ায় রবিবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  রোজলিন শহীদ চৌধুরী। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল প্রমুখ বক্তব্য রাখেন।

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় ত্রাণ বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় রবিবার সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন মাঠ ও টুঙ্গিপাড়া হেলিপ্যাডে এক হাজার প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ১৪ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলমগীর হোসেন এ ত্রাণসামগ্রী বিতরণ করেন।

অ্যাসাইনমেন্ট মূল্যায়ন বিষয়ে মতবিনিময়

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা হোমনায় শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন বিষয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. রাশেদুল ইসলাম। রবিবার হোমনা ইসলামিয়া আলিয়া মাদ্রাসায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা সুপার মাওলানা আবদুস সাত্তার এতে সভাপতিত্ব করেন।

সুরক্ষাসামগ্রী ব্যবহারবিষয়ক প্রশিক্ষণ

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা গোদাগাড়ীতে রবিবার দুই দিনব্যাপী কর্মক্ষেত্রে নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষাসামগ্রী ব্যবহারবিষয়ক উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) আর্থিক সহযোগিতায় উপজেলা মিলনায়তনে এর আয়োজন করা হয়।

আনসার ভিডিপি সদস্যদের মধ্যে খাদ্যসহায়তা

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালীতে রবিবার আনসার ভিডিপি সদস্যদের মধ্যে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা আনসার ভিডিপির কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ভিডিপি মহাপরিচালকের পক্ষ থেকে এ খাদ্যসহায়তা দেওয়া হয়।

গাছের চারা বিতরণ

বান্দরবান প্রতিনিধি বান্দরবান শহরের বালাঘাটা নার্সারিতে ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রবিবার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় এবং বান্দরবান বন বিভাগের ব্যবস্থাপনায় এ চারা বিনা মূল্যে বিতরণ করা হয়। বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিয়ার সভাপতিত্বে চারা বিতরণ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।