ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সঙ্গে আরো পাঁচটি সেবা প্রদানকারী সংস্থা যুক্ত হয়েছে। এগুলো হলো—দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই), ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি), ইস্টার্ন ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। গতকাল রবিবার বিডা কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সিস্টেম ইন্টিগ্রেশনের নিমিত্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, বিনিয়োগকারীদের ৯ সেবা প্রদানের লক্ষ্যে এই পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হচ্ছে। ইতিমধ্যে বিডা ৩০টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করছে, এর মধ্যে ১৬টি প্রতিষ্ঠানের মোট ৫১টি সেবা ওএসএসের মাধ্যমে দেওয়া হচ্ছে। ২০১৯ সালে ওএসএস চালু হওয়ার পর থেকে বিনিয়োগকারীদের প্রায় ২৫ হাজার সেবা অন লাইনের মাধ্যমে দেওয়া সম্ভব হয়েছে। শুধু সরকারি নয়, বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমরা বেসরকারি সংস্থার সেবা ও ওএসএস প্ল্যাটফরমে যুক্ত করেছি, এর ফলে বিনিয়োগকারীরা আরো বেশি বিনিয়োগসেবা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সমঝোতা স্মারকের ভিত্তিতে বিডার মাধ্যমে উল্লিখিত দুইটি চেম্বারের সদস্য সার্টিফিকেট ইস্যু করা, নবায়ন এবং প্রশংসাপত্র পাওয়া যাবে। এছাড়া তিনটি ব্যাংকের অনলাইন অ্যাকাউন্ট খোলার সুবিধা পাওয়া যাবে।