ইত্তেফাক রিপোর্ট
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘যে অপশক্তি স্বাধীনতা বিরোধীদের আশ্রয়-প্রশ্রয় দেয় এবং স্বাধীনতার ইতিহাস বিকৃত করে, সেই বিএনপি-জামায়াত চক্র এই দেশে রাজনীতি করার অধিকার রাখে না, এর একটি ফয়সালা হওয়া প্রয়োজন।’ গতকাল রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হাইয়ের সভাপতিত্বে সভায় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি প্রধান আলোচক হিসেবে এবং মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপুসহ বীর মুক্তিযোদ্ধা আলহাজ শরীফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ী, আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ বক্তব্য রাখেন।
এ বি তাজুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পেছনের ষড়যন্ত্রকারীদের বিচারের মাধ্যমে দেশে ন্যায় প্রতিষ্ঠার কাজকে পূর্ণাঙ্গ করা সম্ভব হবে।
এদিকে রবিবার বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ই-ক্যাব আয়োজিত ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ, তারুণ্য ও তথ্যপ্রযুক্তি’ শীর্ষক অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ই-ক্যাব সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ তমালের সঞ্চালনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিশেষ অতিথি হিসেবে, সংসদ সদস্য নাহিম রাজ্জাক আমন্ত্রিত অতিথি হিসেবে, শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল প্রধান আলোচক হিসেবে এবং এফবিসিসিআই পরিচালক সেরনিয়াবাত মঈন উদ্দিন আব্দুল্লাহ আলোচক হিসেবে সভায় বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবনের প্রতিটি অধ্যায় সম্পর্কে বিশদ জ্ঞানলাভের আহ্বান জানিয়ে বলেন, জাতির পিতার আদর্শে জীবন গড়তে পারলেই আদর্শ বাঙালি হিসেবে জাতির জন্য অবদান রাখা সম্ভব। অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত অগ্রগতির বিশ্লেষণে দেশের স্থপতি হিসেবে বঙ্গবন্ধু এবং আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান এবং তথ্যপ্রযুক্তিতে বলীয়ান তরুণ প্রজন্মের অগ্রযাত্রা তুলে ধরেন।