ঢাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

কারাবন্দি নেতাদের মুক্তির দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করা জাতীয়তাবাদী ছাত্রদলের একটি মিছিলে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে এ হামলা করা হয় বলে অভিযোগ ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকনের। হামলায় ছাত্রদলের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করে ছাত্রদল। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা নিয়েছেন। তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়। এছাড়া হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ছাত্রলীগের কেউ ছাত্রদলের ওপর হামলা করেনি। এটা তাদের প্রোপাগান্ডা, ছাত্রলীগের ওপর দোষ চাপাচ্ছে।

সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহসাংগঠনিক সম্পাদক মশিউর       রহমান রনিকে গ্রেফতারের প্রতিবাদ ও তাদের মুক্তির দাবিতে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়  শাখা এই বিক্ষোভ মিছিল বের করে। এতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারাও অংশ নেন।