কাদিয়ানীদের ইজতেমা বন্ধ ও অমুসলিম ঘোষণার দাবি

কাদিয়ানীদের ইজতেমা বন্ধ ও অমুসলিম ঘোষণার দাবিতে বিক্ষোভ ও মানব বন্ধন করেছে কয়েকটি  ইসলামী দল। সম্মিলিত খতমে নবুওত সংরক্ষণ পরিষদ বাংলাদেশ পঞ্চগড়ে ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি কাদিয়ানীদের ইজতেমা বন্ধের দাবী জানিয়ে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

মানববন্ধনে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ সভাপতি মাওলানা আব্দুল হামিদ পীরসাহেব বলেন, ‘নবী করিম (সা.) শেষ রাসুল এরপর যেই নবী দাবি করবে সে নবী না, সে কাফের। তাই মুসলিম জাতির নৈতিক দাবি হলো পঞ্চগড়ে তথাকথিত কাদিয়ানী ইজতেমা রুখে দাঁড়ানো।‘এ দেশ অসাম্প্রদায়িক, যেখানে হিন্দু, খৃষ্টান, বৌদ্ধ ধর্মালম্বীসহ সকল মানুষ ধর্ম পালন করেন। তেমনি কাদিয়ানী সম্প্রদায়ও তাদের অনুষ্ঠান পালন করতে পারবে। তবে সেটা হবে সম্মেলন। পঞ্চগড়ে আসন্ন ২২-২৪ ফেব্রুয়ারি কাদিয়ানী সম্প্রদায়ের সম্মেলনকে ইজতেমা হিসাবে পালন করতে পারবে না।

মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ‘অবিলম্বে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। তারা হিন্দুদের মতো সংখ্যালঘু থাকুক, খ্রিস্টানদের মতো, বদ্ধ‌দের মতো, উপজাতিদের মতো সংখ্যালঘু হয়ে থাকুক। তাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু তারা মুসলমান হিসেবে থাকতে পারবে না। তারা কাফের, তারা মসজিদ ব্যবহার করতে পারবে না। মুসলমানদের যে ধর্মীয় কাজ এগুলো তারা ব্যবহার করতে পারবে না।

অনতিবিলম্বে তাদের এই ইজতেমা যদি বন্ধ না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন খতমে নবুওত সংরক্ষণ কমিটি আমির মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, ইন্টারন্যাশনাল খতমে নবুওত মুভমেন্ট’র মহাসচিব মাওলানা আলহাজ্ব নাজমুল হক প্রমুখ।

এদিকে পঞ্চগড়ে ইজতেমার নামে কাদিয়ানীদের তৎপরতা বন্ধ করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন হেফাজতের আমির ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

গতকাল এক বিবৃতিতে বাংলাদেশে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার জোর দাবি জানিয়ে হেফাজত আমির বলেন, কাদিয়ানীরা অমুসলিম হওয়া সত্ত্বেও ‘আহমদীয়া মুসলিম জামাত’ নামে নিজেদের মুসলমান বলে বিশ্বনবীর খতমে নবুয়তকে পদদলিত করে যাচ্ছে। এই মাসের শেষের দিকে পঞ্চগড়ে তারা ইজতেমা করার যে 'দুঃসাহস' করেছে, তা অচিরেই বন্ধ করতে হবে। নইলে খতমে নবুওয়াত আন্দোলনের সঙ্গে একাত্মপোষণ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ কাদিয়ানীদের বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।তাদের এই নগ্ন আস্ফালন বন্ধ করাসহ কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। অন্যথায় লক্ষ কোটি তৌহিদী জনতার ঈমানি চেতনায় যে কোনো প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে বলেও উল্লেখ করেন আল্লামা শফী।

আরও পড়ুন: তামিমের স্বপ্নের ফাইনালে কুমিল্লার ঘরে দ্বিতীয় শিরোপা

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ গতকাল এক বিবৃতিতে বলেন, প্রশাসন যদি তাদের ঈমান বিধ্বংসী কথিত জাতীয় ইজতেমা বন্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে দেশের ঈমানদার নবী প্রেমিক জনতা প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে এবং  কাদিয়ানীদের আগামী ২২ থেকে ২৪ ফেব্রুয়ারী পঞ্চগড়ে অনুষ্ঠিতব্য জাতীয় ইজতেমা যে কোন মূল্যে প্রতিহত করবে।

ইত্তেফাক/আরকেজি