বন্দুকের জোরে জিয়া রাষ্ট্রক্ষমতা দখল করেছিল :আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আনিসুল হক বলেছেন, বিনা নির্বাচনে, বিনা ভোটে শুধুমাত্র বন্দুকের জোরে খুনি জিয়া রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। ক্ষমতায় এসে পাকিস্তানি আমলে আইয়ুব খানের যারা মন্ত্রী ছিল তাদেরকে উপদেষ্টা এবং মন্ত্রী বানান জিয়া। যাতে বাংলাদেশ আবার পাকিস্তানের মতো করে চলতে পারে। তিনি গতকাল রবিবার গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আইন অনুষদ আয়োজিত বঙ্গবন্ধু হত্যার বিচার :আইনি পর্যালোচনা শীর্ষক শোকাবহ আগস্টের বিশেষ আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর খন্দকার মোশতাক যে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিল তা বাংলাদেশের ইতিহাসে একটি কালো আইন। এই আইনের মাধ্যমে দীর্ঘ ২১ বছর বঙ্গবন্ধু এবং তার পরিবারের ১৭ জন সদস্যকে হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া আটকে রেখেছিল জিয়াউর রহমান, এরশাদ এবং খালেদা জিয়া। পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এলে ১৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম শুরু হয়। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার হওয়াতে বাঙালি এখন বলতে  পারবে দেশে আইনের শাসন আছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। কিন্তু ষড়যন্ত্র করে বাংলাদেশকে আর পিছিয়ে নেওয়া সম্ভব না।

বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ও প্রক্টর ড. মো. রাজিউর রহমানের সঞ্চালনায় এবং উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আনিসুল হক। এছাড়া অনলাইনে বরিশাল বিশ্বিবদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন উপস্থিত ছিলেন। সভাকক্ষে এবং অনলাইন মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।