পাটগ্রামে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রবিবার ভোরে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহতরা হলেন—বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের বুলবুল হোসেনের ছেলে ইউনুছ আলী (২৭) ও নীলফামারী জেলার ডিমলা উপজেলার ধনবার রায়ের ছেলে জগন্নাথ রায় সাগর (৩৮)। নিহতের ঘটনায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ- বিজিবি) মধ্যে দুপুরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত দুই বাংলাদেশি নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।  

সূত্র জানায়, রোববার ভোরে বুড়িমারী সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের ৩ ও ৪ নম্বর সাব-পিলারের নিকট দিয়ে ৭-৮ জন বাংলাদেশি গরু পারাপারকারীর দল গরু আনতে যায়। ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কাঁটা তারের বেড়া অতিক্রম করে গরু পারপারের সময় ভারতীয় ১৪৮ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়ন ও জলপাইগুড়ি সেক্টরের চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ইউনুছ আলী ও জগন্নাথ রায় সাগর নিহত হয়। পরে ভারতের মেখলিগঞ্জ থানাপুলিশের নিকট লাশ হস্তান্তর করে বিএসএফ। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ভারতের মাথাভাঙ্গা মর্গে নিয়ে যায় পুলিশ।