মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রকাশিত ফল কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রুলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র আদালতে দাখিল করার নির্দেশ কেন দেওয়া হবে না—তাও জানতে চাওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল রবিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।
২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ত্রুটিপূর্ণ ফলাফল আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা এবং ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র আদালতে দাখিলের নির্দেশনা চেয়ে ১৯৫ জন এমবিবিএস ভর্তি পরীক্ষার্থীর পক্ষে এ রিট দায়ের করা হয়।