রেইনট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমদসহ পাঁচ আসামি নিজেদের নির্দোষ দাবি করে আদালতে ন্যায় বিচার চেয়েছেন। গতকাল রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম কামরুন্নাহার আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনান। এরপর তারা দোষী না নির্দোষ তা জানতে চান। কাঠগড়ায় দাঁড়ানো সব আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। একই সঙ্গে তারা আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য দাখিল করবেন বলে আদালতকে জানান। এরপর আগামী ৫ সেপ্টেম্বর এই মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করে আদালত।
সাফাত আহমদ ছাড়াও এই মামলার অপর চার আসামি তার দুই বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ ওরফে এইচ এম হালিম, সাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন আত্মপক্ষ সমর্থনে বক্তব্য রাখেন।
গত ৬ মে বনানী থানায় দায়ের করা মামলার এজাহার অনুযায়ী ২০১৭ সালের ২৮ মার্চ জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে অস্ত্রের মুখে ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে রেইনট্রি হোটেলে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা করেন আসামিরা। ঐ বছরের ৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক ইসমত আরা এমি আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।