খাদ্য নিরাপত্তা, পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নে মত্স্য খাত গুরুত্বপূর্ণ অংশীদার বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, এই খাত দেশের অত্যন্ত সম্ভাবনাময় খাত। তাই মত্স্য খাতের উন্নয়নে আমাদের সবসময়ে সচেষ্ট হতে হবে।
গতকাল রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় মত্স্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন দুপুরে স্পিকার সংসদ লেকে মাছের পোনা অবমুক্ত করেন।
মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এবং মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শমভু । স্বাগত বক্তব্য রাখেন মত্স্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ।
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, দারিদ্র্য বিমোচনে, মানুষের আয় বাড়ানোর জন্য মত্স্য অত্যন্ত গুরুত্ব্বপূর্ণ খাত। সারা পৃথিবীতে মাছ রপ্তানি করতে পারলে আমাদের আয় অনেক বেড়ে যাবে।
মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, মত্স্য খাতকে বেকারদের বিনিয়োগের ক্ষেত্র হিসেবে তৈরি করে দিয়ে আমরা তাদের বেকারত্ব দূর করার ব্যবস্থা নিচ্ছি। তারা উদ্যোক্তা হিসেবে তৈরি হচ্ছে এবং তাদের উত্পাদিত মত্স্য ও মত্স্য জাতীয় পণ্য রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি। তিনি বলেন, আমরা প্রচলিত ও অপ্রচলিত মত্স্য সম্পদ সামনে আনতে চাই। সমুদ্রের উপরে, গভীরে, স্বল্প পানিতে যেখানে যে মত্স্য সম্পদ আছে সেটাকে আমরা পরিকল্পিতভাবে ও বিজ্ঞানসম্মতভাবে আহরণ করবো। সে লক্ষ্যে সরকার কাজ করছে।
উল্লেখ্য, মত্স্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবং এ খাতকে উত্সাহিত করার লক্ষ্যে এ বছর জাতীয় মত্স্য সপ্তাহে ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মত্স্য পদক প্রদান করা হয়। যার মধ্যে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণপদক এবং ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রৌপ্য পদক প্রদান করা হয়।