লুইজিয়ানায় হারিকেন আইডার আঘাত

২৪ ঘণ্টারও কম সময়ে কিউবায় দুবার আঘাত হানার পর, হারিকেন আইডা যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে। এতে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। স্থানীয় সময় গতকাল রবিবার চার মাত্রার হারিকেনটি আঘাত হানে। এই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ১৫০ মাইল। হারিকেন ক্যাটরিনার ১৬তম বার্ষিকীতেই আঘাত হানলো আইডা। রাজ্যের গভর্নর জন বেল এডওয়ার্ডস জানিয়েছেন, আইডা আমাদের জন্য বড় চ্যালেঞ্জের হবে বলেই মনে করা হচ্ছে। বিপর্যয় এড়াতে লুইজিয়ানার নিউ অরলিন্স এবং আশেপাশের উপকূলীয় অঞ্চল থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কিছু কিছু স্থান থেকে সরে যাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। -সিএনএন