আজ থেকে পূর্ণ টিকা গ্রহণকারী পর্যটকরা আমিরাতের ভিসা পাবেন

সংযুক্ত আরব আমিরাত পূর্ণ টিকা গ্রহণকারী পর্যটকদের ভিসা দেওয়া শুরু করছে। সোমবার (৩০ আগস্ট) থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে।  দুবাইতে বিলম্বিত এক্সপো ২০২০ শীর্ষক বাণিজ্য মেলা সামনে রেখে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অক্টোবরে অনুষ্ঠিতব্য এই মেলা উপলক্ষে লাখ লাখ লোক আমিরাতে আসবে যা দেশটির অর্থনীতিকে চাঙ্গা করবে। 

এদিকে দেশটিতে করোনা সংক্রমণও কমে যাচ্ছে। গত কয়েক মাসের মধ্যে প্রথমবার গত সপ্তাহে দৈনিক সংক্রমণ এক হাজারের নিচে নেমে এসেছে। দেশটির সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম এক খবরে জানিয়েছে, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারের লক্ষ্যে সকল দেশের পর্যটকের জন্যে সংযুক্ত আরব আমিরাতের দরজা খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

তবে পর্যটকদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকা গ্রহণ করতে হবে।  বার্তা সংস্থার খবরে আরো বলা হয়েছে, পূর্বে নিষিদ্ধ করা দেশগুলোসহ বিশ্বের সকল দেশের নাগরিকের জন্যে এ সিদ্ধান্ত কার্যকর হচেছ। তবে টুরিস্ট ভিসায় যারা আসবেন তাদেরকে অবশ্যই বিমানবন্দরে পিসিআর টেস্ট করাতে হবে। 

ইত্তেফাক/এসএ