তালের পিঠা

 

এই সময়ে দেশীয় ফল তাল খুবই সহজলভ্য। আর  পরিবারের সদস্যদের জন্য খাবারের স্বাদে ভিন্নতা আনতে আপনি তালের রসেও বিভিন্ন পদের পিঠা তৈরি করতে পারেন। আমাদের এবারের অয়োজনে তালের তিন পদের পিঠার রেসিপি দিয়েছেন মাকসুদা বেগম স্নিগ্ধা

ভাপে তালের কেক

উপকরণ :ময়দা ১ কাপ, সুজি হাফ কাপ, ঘন তালের রস হাফ কাপ, ডিম ১টি, বেকিং পাউডার ১ চা চামচ, লবণ সামান্য, চিনি হাফ কাপ বা স্বাদমতো, ঘন দুধ হাফ কাপ, কুঁচি করা নারকেল হাফ কাপ, ঘি ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি :প্রথমে ডিম, চিনি ও লবণ ফেটিয়ে নিয়ে এর সঙ্গে নারকেল ছাড়া অন্যসব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ছোট ছোট সিরামিকের বাটিতে ব্যাটার নিয়ে উপরে নারকেল কুঁচি দিয়ে হাড়িতে পানি বসিয়ে বলক এলে একটা ঝাঝরি হাড়িতে বসিয়ে তার ভেতর সিরামিকের বাটিগুলো বসিয়ে ঢাকনা দিয়ে ১৫ মিনিট রাখতে হবে। এর মধ্যেই কেক হয়ে যাবে। এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে পরিবেশন করতে হবে।

তালের স্পঞ্জ কেক

উপকরণ :ঘন তালের রস হাফ কাপ, ময়দা হাফ কাপ + ২ টেবিল চামচ, চিনি হাফ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, ডিম ১টি, লবণ সামান্য, কোড়ানো নারকেল ২ টেবিল চামচ, কিশমিশ ১০/১২টি, সয়াবিন তেল ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি :প্রথমে ময়দা আর বেকিং পাউডার চেলে নিতে হবে। এবার একটা বাটিতে ডিম, লবণ, চিনি একসঙ্গে বিট করে ফোম করে নিতে হবে। তারপর ময়দা আর বেকিং পাউডার চেলে নেওয়াটা দিয়ে একটু বিট করে। সয়াবিন তেল আর কোড়ানো নারকেল দিয়ে আবার একটু বিট করতে হবে। এবার একটা ছোট মোল্ডে মিশ্রণটি ঢেলে ওপরে কিশমিশ দিয়ে দিতে হবে। এবার চুলায় হাড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে ১০ মিনিট গরম করে চুলার আঁচ কমিয়ে হাড়িতে কেক মোল্ডটা বসিয়ে ঢেকে দিতে হবে। ২৫-৩০ মিনিটের মধ্যে কেক হয়ে যাবে। এবার ঠান্ডা করে পরিবেশন করুন।

কাঁঠাল পাতায় তালের পিঠা

উপকরণ :ঘন তালের রস ১ কাপ, কনডেন্স মিল্ক হাফ কাপ, চিনি হাফ কাপ বা স্বাদমতো, চালের গুঁড়া ২ কাপ, ময়দা হাফ কাপ, ঘন কুসুম গরম দুধ হাফ কাপ, ইস্ট ১ চা চামচ, লবণ সামান্য, কোড়ানো নারকেল হাফ কাপ, ছোট ছোট টুকরো করে কাটা নারকেল হাফ কাপ, কাঁঠাল পাতা ২০টি, টুথপিক ২০টি।

প্রস্তুত প্রণালি :প্রথমে হাফ কাপ কুসুম গরম দুধে ইস্ট দিয়ে কিছুসময় ঢেকে রাখতে হবে। এবার ঘন তালের রস, চালের গুঁড়া, ময়দা আর ইস্ট মিশ্রিত দুধ ভালো করে মেখে ৩ ঘণ্টা ঢেকে রেখে দিতে হবে। তারপর সেই মিশ্রণের সঙ্গে কনডেন্স মিল্ক, চিনি, লবণ, কুড়ানো নারকেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মোটামুটি একটু নরম একটা ব্যাটার হবে, তবে খুব বেশি পাতলা হবে না। এবার কাঁঠাল পাতা কোণের মতো করে টুথপিক দিয়ে আটকিয়ে তার ভেতর তালের মিশ্রণ দিয়ে ওপরে টুকরো করা নারকেল দিতে হবে। এবার একটা বাটিতে সব পিঠাগুলো বসাতে হবে। তারপর হাড়িতে পানি দিয়ে বলক এলে একটা ঝাঝড়ি বসিয়ে তার ভেতর কাঁঠাল পাতার বাটিটা বসিয়ে ঢেকে ১০/১২ মিনিট ভাপে সেদ্ধ করে নিতে হবে। একসঙ্গে ১০টি করে পিঠা তৈরি করা যেতে পারে। পিঠা হয়ে গেলে এবার গরম গরম পরিবেশন করতে হবে।