কিপিংয়ে আগে সোহান পরে মুশফিক

স্পোর্টস রিপোর্টার

টানা দুটি সিরিজে উইকেটকিপার হিসেবে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন নুরুল হাসান সোহান। উইকেটের পেছনে তার নৈপুণ্যে মুগ্ধ সবাই। কিন্তু মুশফিকুর রহিম ও লিটন দাস ফেরায় নিউজিল্যান্ড সিরিজে সোহানের কিপিং গ্লাভস হারানোর গুঞ্জন উঠেছিল। বাংলাদেশ দলের অনুশীলনের শুরুতেও তেমন ইঙ্গিতই দেখা গিয়েছিল।

তবে গতকাল হেড কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, সোহান এখনই ছিটকে পড়ছেন না। কিপিংয়ের দায়িত্বে তাকেই আগে বিবেচনা করা হচ্ছে, পরে মুশফিককে। সিরিজের প্রথম দুটি ম্যাচে সোহান ও পরের দুটি ম্যাচে মুশফিক কিপিং করবেন। যার মাধ্যমে সোহানের একাদশে থাকার বিষয়টিও নিশ্চিত হলো।

গতকাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উইকেট কিপিংয়ের বিষয়ে ডমিঙ্গো বলেছেন, ‘সোহান কিপিং করবে প্রথম দুই ম্যাচে। এই সিরিজটায় আমরা উইকেটকিপিংয়ের দায়িত্ব ভাগাভাগি করে দেওয়ার পরিকল্পনা করেছি। দুজনকেই দুটি করে ম্যাচে দেখা হবে, তারপর পঞ্চম ম্যাচে সিদ্ধান্ত নেওয়া হবে। অপশনগুলো কাভার করা গুরুত্বপূর্ণ। সামনে তাকিয়ে, এটিই পরিকল্পনা। তবে সোহান শুরুতে কিপিং করবে।’

কোচের কথায় স্পষ্ট, দলে থাকা আরেক উইকেটকিপার লিটন দাসকে কিপিংয়ের দায়িত্বে আর ভাবা হচ্ছে না। শুধু ফিল্ডার হিসেবেই খেলবেন লিটন।

তামিমের প্রসঙ্গে এখনই কথা নয়

ইনজুরি, স্বেচ্ছা বিশ্রাম-ছুটি মিলিয়ে প্রায় দুই বছর টি-২০ দলের বাইরে তামিম ইকবাল। টানা চার সিরিজ খেলেননি বর্তমানে হাঁটুর ইনজুরিতে রিহ্যাবে থাকা এ ওপেনার। যদিও বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ফিট হলেই বিশ্বকাপ দলে থাকবেন তামিম। যা সমালোচনার খোরাক জোগাচ্ছে।

তামিম ফিরলে তার অনুপস্থিতিতে খেলা কেউ একজন বাদ পড়বেন। হুট করে তাকে ফিরিয়ে কাউকে বাদ দেওয়াটা দৃষ্টিকটু হবে। অবশ্য এ বিষয়ে এখনই মুখ খুলতে চান না হেড কোচ ডমিঙ্গো। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এই মুহূর্তে আমার ফোকাস যারা এ সিরিজের স্কোয়াডে আছে। যখন তামিম ফিট হবে তখন বিষয়টি দেখা যাবে। আমি এটা নিয়ে খুব বেশি আসলেই ভাবিনি।’