চান্দিমালকে ফেরাল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

সবশেষ গত মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন দীনেশ চান্দিমাল। বাজে ফর্মের কারণে বাদ পড়েছিলেন দল থেকে। চার মাস পর আবারও ডানহাতি এই ব্যাটসম্যানকে দলে ফেরাল শ্রীলঙ্কা। তাকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে তারা।

দাসুন শানাকার নেতৃত্বে দলে তিন নতুন মুখ-লাহিরু মাধুশাঙ্কা, মহেশ থিকশানা ও পুলিনা থারাঙ্গা। তাছাড়া দলে ফিরেছেন সবশেষ ভারত সিরিজে না থাকা বাঁহাতি ব্যাটসম্যান কুশল পেরেরা ও ডানহাতি পেসার নুয়ান প্রদীপ। তবে বাদ পড়েছেন লাকশান সান্দাকান, কসুন রাজিথা ও আশেন বান্দারা। আগামী ২ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে দুটি সিরিজ। সবগুলোই খেলাই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।