সোনার মোড়-বামনসাতা সড়কে কালভার্টে গর্ত

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের সোনার মোড়-বামনসাতা সড়কের একটি কালভার্টে বড় দুটি গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কালভার্টটি। এতে বিপাকে পড়েছে এ পথে চলাচল করা ১০ গ্রামের মানুষ। তারা ঐ স্থানে নতুন কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছে। এ বিষয়ে উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবিদ হোসেন সরকার বলেন, কালভার্টটি মেরামতের জন্য স্থানীয় এলজিইডি অফিসকে একাধিক বার জানানো হলেও কোনো কাজ হয়নি। উপজেলা এলজিইডির প্রকৌশলী সুমন মাহমুদ জানান, কালভার্টটি মেরামতের জন্য বরাদ্দ চেয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কালভার্টটি মেরামত করা হবে।