মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
দীর্ঘ প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর আগামীকাল পহেলা সেপ্টেম্বর থেকে সুন্দরবন পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। সোমবার সকালে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শর্তসাপেক্ষে পহেলা সেপ্টেম্বর থেকে সুন্দরবন দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। তিনি বলেন, ভ্রমণকালে মানতে হবে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি। মাস্ক পরিধান করতে হবে। এছাড়া ২৫ জনের গ্রুপে ভাগ হয়ে নৌযান থেকে বনে নামতে হবে, ঘুরতে হবে। এক সঙ্গে বেশি লোক নামা ও ঘোরাফেরা করা যাবে না। যারা এসব শর্ত ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে তাত্ক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে বনবিভাগ।
এদিকে এই ঘোষণা আসার পর সুন্দরবনের বিভিন্ন পর্যটন স্পটগুলোর সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা। দীর্ঘদিন ধরে ফুটট্রেইলার ও ওয়াচটাওয়ারসহ বিভিন্ন স্থাপনা ব্যবহার না হওয়ায় ময়লা জমে ও ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ইনচার্জ হাওলাদার আজাদ কবির বলেন, পহেলা সেপ্টেম্বর থেকে সুন্দরবন পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। তাই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। করমজলে যেখানে যে সমস্যা আছে তা আমরা ঠিক করতে কাজ করছি। পর্যটকরা আসা মাত্রই আমরা তাদের যথেষ্ট সেবা দিতে সক্ষম হব।
প্রস্তুতি নিতে শুরু করেছে ট্যুর অপারেটররাও। তারা ধুয়ে-মুছে ও ত্রুটি সারিয়ে নিচ্ছেন নৌযানগুলোর। পর্যটন ব্যবসায়ী দ্য সাউদার্ন ট্যুরস-এর মালিক মো. মিজানুর রহমান বলেন, করোনার কারণে সুন্দরবন বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে এ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা মানবেতর জীবনযাপন করে আসছে। এখন খুলে দেওয়ার পাশাপাশি যে সব শর্ত দেওয়া হয়েছে তা আমরা মেনেই ট্যুর অপারেট করব।
মূলত করোনা প্রাদুর্ভাবের কারণেই গত ৩ এপ্রিল থেকে সংক্রমণের বিস্তার রোধে সুন্দরবনে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়াতে প্রায় পাঁচ মাস পর উন্মুক্ত করা হচ্ছে সুন্দরবন।