সৈয়দপুরের গ্রামে গ্রামে পাকা তালের সৌরভ

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

ভাদ্র মাস আসলেই পাকা তালের সৌরভে মুখরিত হয়ে উঠে সৈয়দপুরের গ্রামগুলো। এ সময় গ্রামে গ্রামে শুরু হয় তালের পিঠা খাওয়ার ধুম। গৃহিণীরা তালের রস দিয়ে সুস্বাদু পিঠা তৈরিতে ব্যস্ত সময় কাটান। কিন্তু তালের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে ভোজন রসিক বাঙালিদের। তাল বিক্রেতা শফিয়ার, সাইদুরসহ অন্যরা বলেন, বাজারে তালের সরবরাহ কম। তাই দামও কিছুটা বেশি। কচি তাল আগেই শেষ হয়ে যাওয়ায় পাকা তালের সংকট তৈরি হয়। উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, তাল অত্যন্ত পুষ্টিকর এবং গরম মৌসুমের ফল। তাল কচি এবং পাকা দুই অবস্থায় খাওয়া যায়। যা মানব শরীরের জন্য উপকারী।