মঠবাড়িয়ায় আমন চারা সংকটে বিপাকে কৃষক

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

মঠবাড়িয়ায় আমন ধানের চারার তীব্র সংকট দেখা দিয়েছে। চলতি বর্ষা মৌসুমে অবিরাম ভারী বৃষ্টি ও অতি জোয়ারের জলবদ্ধতায় কৃষি জমির বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় এ সংকট সৃষ্টি হয়। এতে আমন আবাদ মৌসুমের শুরুতে কৃষকরা ধানের চারার সংকটে পড়েছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে টানা ভারী বৃষ্টিতে জলদ্ধতায় উপজেলার ১৫০ হেক্টর আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়। মঠবাড়িয়া সদর ইউনিয়নের চাষি আনোয়ার হোসেন, বড়মাছুয়া গ্রামের মলয় মিত্র ও ধানীসাফা গ্রামের চাষি সফিকুল জানান, বৃষ্টি ও জলাবদ্ধতায় তাদের চরম ক্ষতি হয়েছে। ধান চাষের সময় হলেও চারা মিলছে না কোথাও। এ বছর জমি ফাঁকা থাকার আশঙ্কাই বেশি।  মঠবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকাত হোসেন বীজ সংকটের কথা স্বীকার করে জানান, সম্প্রতি অতিবৃষ্টির ফলে আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে ডিলার না থাকায় চাষিরা উচ্চ দামে পার্শ্ববর্তী জেলা, উপজেলা থেকে বীজধান সংগ্রহ করতে বাধ্য হচ্ছে। তবে স্থানীয়ভাবে আগ্রহী ব্যক্তিদের মধ্যে বীজ ডিলার নিয়োগ করা গেলে এ সংকট থাকবে না।