সংবাদ সংক্ষেপ

চন্দনাইশে ১০ হাজার ইয়াবাসহ আটক ১

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলাস্থ মক্কা পেট্রোল পাম্প এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার রাত আড়াইটায় জাহেদুল ইসলাম খোকন নামের ঐ ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত জাহেদুল ইসলাম কক্সবাজার জেলার রামু থানার খুনিয়া পালং এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে। পরে মাদক নিয়ন্ত্রণ মামলায় তাকে কোর্টহাজতে পাঠানো হয়েছে। চন্দনাইশ থানার ইনচার্জ নাসির উদ্দিন সরকার এর সত্যতা নিশ্চিত করেছেন।

মত্স্যজীবীদের সঙ্গে মতবিনিময়

চাটমোহর (পাবনা) সংবাদদাতা জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষ্যে সোমবার চাটমোহরে উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল মত্স্যজীবী পাড়ায় মত্স্যচাষি ও মত্স্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দপ্তর আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা (অ.দা.) মো. শরিফুল ইসলাম, মত্স্য সম্প্রসারণ কর্মকর্তা মো. হাবিবুর রহমানসহ মত্স্যজীবী ও চাষিরা। এদিকে রবিবার উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ইউএনও মো. সৈকত ইসলাম।

হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স উদ্বোধন

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরেকটি নতুন অ্যাম্বুলেন্সের যাত্রা শুরু হয়েছে। সোমবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে দেওয়া নতুন অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করা হয়েছে। কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সাংসদ সেলিমা আহমাদ ভার্চুয়ালি এর উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম প্রমুুখ।

পোনামাছ অবমুক্তকরণ

ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষ্যে ইসলামপুরে পোনামাছ অবমুক্ত করা হয়। সোমবার সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা কামরুল হাসানের উদ্যোগে উপজেলা পুকুরে পোনামাছ অবমুক্ত করেন প্রধান অতিথি ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ মো. ফরিদুল হক খান দুলাল (এমপি)। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোরশেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের, ভাইস চেয়ারম্যান আ. খালেক আখন্দ, মেয়র আ. কাদের শেখ প্রমুখ।

বাকাসসের মতবিনিময় সভা

কিশোরগঞ্জ প্রতিনিধি পদবি পরিবর্তন ও গ্রেড উন্নীতকরণের দাবি বাস্তবায়নের দাবিতে সোমবার কিশোরগঞ্জ কালেক্টরেট কর্মচারী ক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কিশোরগঞ্জ জেলা শাখা আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আলীমউদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আকবর হোসেন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব শরীফুল ইসলাম প্রমুখ।

মাধ্যমিক শিক্ষক সমিতির নড়াইল জেলা কমিটি গঠন

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা সোমবার সকালে বাংলাদেশ আত্তীকৃত সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নড়াইল জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে জেলার কালিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি এম শুকুর আলীকে সভাপতি ও লোহাগাড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালামকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে কমিটি গঠনের সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।

অক্সিজেন বুথ উদ্বোধন

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা সোমবার দুপুরে সাঁথিয়া প্রেসক্লাব মিলনায়তনে স্বপ্নময় পাবনার বিনা মূল্যে অক্সিজেন বুথ উদ্বোধন করা হয়েছে। সংগঠনের সিনিয়র এডমিন সাংবাদিক ফারুক হোসেনের সভাপতিত্বে ও এডমিন জিয়াউর রহমান জিওর সঞ্চালনায় অক্সিজেন বুথ উদ্বোধন সভায় বক্তব্য রাখেন সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নুল আবেদীন রানা, সহসভাপতি জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক আবুল কাশেম,সাঁথিয়া থানার এস আই নুর মোহাম্মদ, প্রতিষ্ঠাতা এডমিন হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।

 

০০