বৃষ্টিতে উপজেলা কার্যালয় চত্বর পানি-কাদায় একাকার

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাই উপজেলা কার্যালয় চত্বরে নানা সমস্যা। সামান্য বৃষ্টিতেই  সামনের চত্বর পানি আর কাদায় একাকার। কাদা মাড়িয়েই ভবনে প্রবেশ করতে হয় । কর্মঘণ্টা শেষে কিংবা ছুটির দিনে গেট বন্ধ থাকায়  অনেক পথ ঘুরে যাতায়াত করতে হয় স্থানীয় বাসীদের। প্রধান ফটকে সবজি দোকানদার ও ফেরিওয়ালাদের দখলে। গাড়ি নিয়ে তো দূরের কথা, হেঁটে উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করাও দায়। বছরের পর বছর ধরে তালা ঝুলছে পাবলিক লাইব্রেরি ও শিল্পকলা একাডেমির দরজায়। তবে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী জানান, সমস্যাবলী তার নজর কেড়েছে। শিগগিরই তিনি বন্ধ দুই প্রতিষ্ঠান চালুর পদক্ষেপ নিবেন। সমস্য সমাধানে একই সঙ্গে সবার সহযোগিতাও চান তিনি।