দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
নবাবগঞ্জে করোনা মহামারির মধ্যে নতুন করে শুরু হয়েছে ডেঙ্গুর আতঙ্ক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ আগস্ট পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল। এ ছাড়া ১৬ আগস্ট শোল্লা ইউনিয়নের সিংহড়া গ্রামের এক ব্যক্তি ডেঙ্গু ও করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তবে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিকের তথ্য অনুযায়ী, উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা শতাধিক। সম্প্রতি উপজেলার সদর কলাকোপা ইউনিয়নের কাশিমপুর, বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ, মাঝিরকান্দা, নয়নশ্রী ইউনিয়নের নতুন তুইতাল, গালিমপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ডেঙ্গু রোগী পাওয়া গেছে।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম জানান, ডেঙ্গু রোগীদের মনিটরিং সেল গঠন করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও করোনা ডেঙ্গু প্রতিরোধ কমিটির সভাপতি এইচ এম সালাউদ্দীন মনজু বলেন, তারা ডেঙ্গু আক্রান্ত রোগীদের বিষয়ে বিশেষ নজরদারি করছেন।