মুকুল রায়ের পথ ধরে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপি এমএলএ তন্ময় ঘোষ। তিনি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে বিধানসভা নির্বাচনে জিতেছিলেন। গতকাল সোমবার তিনি কলকাতায় পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত থেকে তৃণমূলের পতাকা নেন। এর ফলে বিজেপির পশ্চিমবঙ্গে বিধায়ক সংখ্যা কমে হলো ৭৩। গত মে মাসে বিধানসভা নির্বাচনে বিজেপি ৭৭টি আসনে জিতেছিল। দুই এমপি প্রার্থী জগন্নাথ সরকার ও নিশীথ প্রামাণিক জেতার পর বিধানসভা থেকে পদত্যাগ করেন। এরপর মুকুল রায় এমএলএ হওয়ার পরে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। সোমবার তন্ময়ের দলবদল অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, আগামী দিনে আরো অনেক বিজেপি বিধায়ক তৃণমূলে আসবেন। এই দলবদল নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারি বলেন, যথা সময়ে এ বিষয়ে দলের সিদ্ধান্ত জানানো হবে। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের আগে তৃণণূল কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়ার হিড়িক পড়ে গিয়েছিল। একের পর এক তৃণমূলের এমএলএ বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পর এদের অনেকেই ফিরে আসেন। তন্ময় ঘোষও সে রকমই বিধানসভা নির্বাচনের আগে তৃণণূল কংগ্রেস থেকে বিজেপিতে গিয়েছিলেন। সেদিক থেকে দেখতে গেলে তিনি ঘরে ফিরলেন।