কুমিল্লা মুরাদনগর উপজেলায় একটি সিএনজি চালিত অটোরিকশার গ্যারেজে রহস্যজনক অগ্নিকাণ্ড ঘটেছে। মুরাদনগর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ১৭টি সিএনজি ও একটি মোটরসাইকেলসহ বেশ কিছু মালামাল ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় অর্ধলাখ টাকার ক্ষতি হয়েছে বলে গ্যারেজের মালিক আবুল হোসেন জানান।
শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের চাপিতলা ইউনিয়নের খাপুড়া গ্রামের মায়ের দোয়া সিএনজি গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত গ্যারেজ মালিক আবুল হোসেনের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় অর্ধলাখ টাকার ক্ষতি হয়েছে। গোপনে কোনো শত্রু গ্যারেজে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় বাঙ্গরা বাজার থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শাহ আলম জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। অল্প কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এতে আসে পাশের আরো আগুন ছড়াতে পারেনি। বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
বাঙ্গরা বাজার থানার ওসি মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে এসআই জীবন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ইত্তেফাক/এএম