উত্তর কোরিয়ার পরমাণু চুল্লিতে নতুন তত্পরতা নিয়ে জাতিসংঘের উদ্বেগ

জাতিসংঘের পরমাণু সংস্থা তাদের এক রিপোর্টে বলেছে, উত্তর কোরিয়া তার ইয়ংবিয়ন পরমাণু চুল্লি আবার চালু করেছে বলে মনে হচ্ছে। এই চুল্লির কমপ্লেক্সে এখন প্লুটোনিয়াম তৈরি করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। পরমাণু অস্ত্র তৈরিতে প্লুটোনিয়াম দরকার হয়। আইএইএ বলছে, ইয়ংবিয়ন পরমাণু চুল্লি থেকে গত জুলাই হতে শীতল রাখার পানি নির্গত হচ্ছে, যা থেকে মনে হয় চুল্লিটি চালু আছে। ইয়ংবিয়ন পরমাণুকেন্দ্রে একটি পাঁচ মেগাওয়াটের চুল্লি আছে। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির একেবারে মূল কেন্দ্র এটি। ইয়ংবিয়ন পরমাণু চুল্লি এবং ল্যাবরেটরিতে এসব তত্পরতাকে আইএইএ খুবই উদ্বেগজনক বলে বর্ণনা করেছে। তারা বলেছে, এই কর্মকাণ্ড জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের সুস্পষ্ট লঙ্ঘন। উত্তর কোরিয়া তাদের সর্বশেষ পরমাণু পরীক্ষা চালায় ২০১৭ সালে। —বিবিসি