১৫ আগস্টের হত্যাকাণ্ড ছিল পুনরায় পাকিস্তানকে প্রতিষ্ঠিত করার নীল নকশা ---------------শেখ পরশ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড শুধু একটি রাজনৈতিক হত্যাকাণ্ড না, ১৫ আগস্ট ছিল পুনরায় পাকিস্তানকে প্রতিষ্ঠিত করার নীল নকশা। ১৫ আগস্ট ছিল একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, বাঙালির স্বাধীকারকে অস্বীকার করার প্রয়াস। গতকাল সোমবার সাভার সরকারি কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা জেলা যুবলীগ আয়োজিত ১ হাজার অসহায় ও গরিব মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ১৯৭৫ সালের আগস্ট মাসের ভোরে আমি আমার স্বজনদের হারিয়েছি। মাত্র পাঁচ বছর বয়সে বাবা-মায়ের রক্তাক্ত দেহ অতিক্রম করে এক কাপড়ে বাসা থেকে বের হতে বাধ্য হয়েছিলাম। সেদিন হারিয়েছিলাম আমার বাবা আপনাদের প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুবনেতা শেখ ফজলুল হক মণি ও আমার মা আরজু মণি সেরনিয়াবাতকে। হারিয়েছি আমার নানা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বঙ্গবন্ধু মন্ত্রী পরিষদের সদস্যকে। সর্বোপরি আমরা হারিয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

শেখ ফজলে শামস্ পরশ বলেন, শুধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকেই নয়, সেই সঙ্গে সেদিন একটি আদর্শ ও মূল্যবোধ্যের সমাধি হতে দেখেছি। কবর দেওয়া হয়েছে দেশপ্রেম ও মেধাভিত্তিক রাজনীতির। এ সব কারণে এই আগস্ট মাসটা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক মাস। জাতির পিতা বঙ্গবন্ধু হলো সেই নেতা যিনি জন্মগ্রহণ না করলে প্রিয় মাতৃভূমিও পেতাম না, জাতীয় সংগীতও হতো না। বাংলার শোষিত, নিপীড়িত, মেহনতি মানুষের হাহাকার, দীর্ঘ নিঃশ্বাসের মধ্যে আমরা বঙ্গবন্ধুকে খুঁজে পাই। তিনি বলেন, বঙ্গবন্ধু এদেশকে অর্থনৈতিক মুক্তি দিতে চেয়েছিলেন, কিন্তু তার সুযোগ্যকন্যা শেখ হাসিনা বাংলাদেশকে অর্থনৈতিক মুক্তি দিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে মেট্রোরেল, পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে। সামনের বছর দেশবাসী এর সুফল পাবেন ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি বলেন, বিএনপি-জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা ষড়যন্ত্র ও হত্যার রাজনীতিতে বিশ্বাসী। প্রধান বক্তার বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, করোনার মহামারির সময় থেকে আজ পর্যন্ত যুবলীগের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।