কক্সবাজারের উখিয়ায় বালিশ চাপা দিয়ে সুমাইয়া আক্তার মীম নামের এক কন্যা শিশুকে হত্যার অভিযোগে মা বুলবুল আকতার (২৫) ও সৎ বাবা নুরুল হককে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ৭৬ দিন সোমবার পর ৩০ আগস্ট তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সনজুর মোরশেদ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানকালে শিশু সুমাইয়াকে পরিকল্পিতভাবে হত্যার দায় স্বীকার করেন শিশুটির মা ও সৎ বাবা।
থানা সূত্র জানায়, উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা কাঠালিয়া গ্রামে গত ১৫ এপ্রিল রাতে একটি কলোনিতে শিশু কন্যা সুমাইয়াকে হত্যা করা হয়। লাশ বালিশ চাপা দিয়ে ওই দিন ভোর সকালে মা ও সৎ পিতা পালিয়ে যায়।
স্থানীয় মেম্বার এম মনজুর আলম জানান, স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বুলবুল আক্তার ও নুরুল হক ওই কলোনিতে বাড়ি ভাড়া করে থাকতো। তাদের ঘরে সুমাইয়া নামের চার বছরের কন্যা সন্তান ছিল। বুলবুল আকতারের প্রথম স্বামীর সন্তান সুমাইয়া। নুরুল হক হচ্ছে দ্বিতীয় স্বামী।
তদন্তকারী কর্মকর্তা এসআই মতিউর মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হলেও ঘাতক পিতা-মাতা পালিয়ে যাওয়ায় গ্রেফতার করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, তদন্তকালে ঘরের মেঝেতে পাওয়া সিম কার্ডের খালি প্যাকেটের সূত্র ধরে তাদেরকে গ্রেফতারের চেষ্টা চালানো হয়। কিন্তু বারবার বাসা পরিবর্তন করায় অভিযান ব্যর্থ হয়। এক পর্যায়ে গত ৩০ আগস্ট ভোররাতে রামু উপজেলার পাহাড়ি জনপদ গর্জনিয়া এলাকায় অভিযান চালিয়ে মা বুলবুল আক্তার ও সৎ বাবা নুরুল হককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
ইত্তেফাক/জেডএইচডি