চলতি মাসেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু

চলতি মাস থেকে স্থগিত হওয়া পরীক্ষা শুরু করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ৭ ও ৯ সেপ্টেম্বর থেকে মাস্টার্স ফাইনাল ও ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা নেওয়া হবে। ডিগ্রি পরীক্ষা জন্য ১০ দিন সময় লাগবে। আর মাস্টার্সের জন্য লাগবে দুই দিন। এই পরীক্ষা দুটি চলতি বছরের মার্চে শুরু হয়েও পরে স্থগিত করা হয়েছিল। মাস্টার্সে ফাইনাল পরীক্ষায় ১ লাখ ৩০ হাজার এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষে ১ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী অংশ নেবে।

করোনা পরিস্থিতি বিবেচনা করে একটি বেঞ্চে এক জন করে অথবা এক বেঞ্চে দুই জন বসিয়ে পরের বেঞ্চ খালি রেখে আসন বিন্যাস করা হবে। তাছাড়া পরীক্ষাসংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য বলা হয়েছে।

পরীক্ষা গ্রহণসংক্রান্ত জরুরি নির্দেশাবলিতে বলা হয়, পরীক্ষাকেন্দ্রে দুই জন পরীক্ষার্থীর মধ্যে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রেখে আসন বিন্যাস করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভেন্যু কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা যাবে। এক বেঞ্চে এক জন বসলে জেড আকৃতির হবে। আর এক বেঞ্চে দুই জন বসলে মাঝখানে তিন ফুট দূরত্ব থাকবে। এ ক্ষেত্রে পরের বেঞ্চ খালি থাকবে। এভাবে আসন খালি রেখে শিক্ষার্থী বসার কারণে আলাদা ভেন্যু প্রয়োজন হবে।

এ ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ আলাদা ভেন্যু নিতে পারবে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান জানিয়েছেন। তিনি আরো বলেন, এখন থেকে পরীক্ষা পর্যায়ক্রমে চলবে। চলতি মাসেই মাস্টার্স প্রিলিমিনারি এবং ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের পূর্বে হাত ধোয়ার জন্য প্রয়োজনীয় সাবান এবং পানির ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

ইত্তেফাক/এসএ