‘বাংলা কিউআর’ চালু করলো মাস্টারকার্ড, এসএসএলকমার্জ ও এমটিবি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর সঙ্গে মাস্টারকার্ড এবং পেমেন্ট গেটওয়ে সংযোগকারী প্রতিষ্ঠান এসএসএলকমার্জ সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো হোয়াইট লেবেল কুইক রেসপন্স (কিউআর) অ্যাকুয়ারিং প্ল্যাটফর্ম বাংলা কিউআর। মঙ্গলবার (৩১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

‘হোয়াইট লেবেল কিউআর’ হচ্ছে একটি কোডভিত্তিক ইন্টারঅপারেবল পেমেন্ট অ্যাকসেপ্টেন্স সল্যুশন, যেটি বাংলা কিউআর নেটওয়ার্কের মাধ্যমে অনলাইনে ক্ষুদ্র ব্যবসায়ীদের অংশগ্রহণের আরও বেশি সুযোগ তৈরি করবে। এর ফলে  ‘লেস ক্যাশ সোসাইটি’ গড়ে তোলার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। 

উদ্যোক্তারা জানায়,  এর আগে, ২০১৯ সালে এমটিবি’র মোবাইল ব্যাংকিং অ্যাপে বাংলা কিউআর কোড চালু-তে পাইওনিয়ার ভূমিকা পালন করেছিল মাস্টারকার্ড ও এমটিবি। এবার নতুন সুবিধা যোগ হবার ফলে ব্যবহারকারীদের জন্য কিউআর-ভিত্তিক লেনদেন আরও সহজ হবে, যেখানে যেকোনো মাস্টারকার্ড ব্যবহারের মাধ্যমে তারা রিয়েল-টাইম কনটাক্টলেস পেমেন্টের সুযোগ পাবেন।

এসএসএল’ র হোয়াইট লেবেল অ্যাকুয়ারিং সল্যুশনের ‘স্ক্যান টু পে’ অপশনের মাধ্যমে ব্যবসায়ীসহ সারা দেশের মাস্টারকার্ড কার্ডহোল্ডাররা আরও সহজ ও দ্রুততার সঙ্গে কিউআর কোডভিত্তিক লেনদেন করতে পারবেন। এক্ষেত্রে লেনদেন সম্পন্ন করার জন্য ব্যবহারকারীদেরকে তাদের ব্যাংক অ্যাপে মাস্টারকার্ড কিউআর অপশনে প্রবেশ করে মার্চেন্ট ওয়েবসাইট বা চেকআউট কাউন্টারে প্রদর্শিত নির্দিষ্ট কোডটি স্ক্যান করতে হবে। এরপর তারা যে পরিমাণ অর্থ পরিশোধ করতে চান, সেটি উল্লেখ করলেই লেনদেনটি সম্পন্ন হবে।

ইত্তেফাক/আরকে