সাতক্ষীরার কলারোয়ায় বিনম্র শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও স্মরণ সভার মধ্য দিয়ে পালিত হলো বরেণ্য ভাষা সৈনিক, শিক্ষক নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ আমানুল্লাহর ৮ম মৃত্যুবার্ষিকী।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ১০টায় কলারোয়ার ঝাঁপাঘাট গ্রামের সমাধিস্থলে বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পরিবার-পরিজন, সহকর্মী ও বিপুল সংখ্যক গুণগ্রাহী শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। এরপর উপজেলা মাধ্যমিক সমিতির সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, শিক্ষক নেতা সাংবাদিক ইদুজ্জামান, উপজেলা কলেজ শিক্ষক সমিতির নেতা অধ্যক্ষ এস এম সহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুতিয়ারা খাতুন, অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দীক, উপজেলা শিক্ষক নেতা হরি সাধন ঘোষ, পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মরহুমের পরিবারের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বরেণ্য ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ ২০১৩ সালের ৩১ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমইউ) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইত্তেফাক/এমআর