চট্টগ্রামের একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির পরিবর্তে সাজা ভোগ করে কারামুক্ত নিরপরাধ মিনুর মৃত্যুর ঘটনা ‘সিরিয়াসলি’ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার পুলিশের এস আই খোরশেদ আলম ও কোতোয়ালি থানার পুলিশের এস আই জুবায়ের মৃধাকে এ নির্দেশ দেন আদালত।
আদালত তদন্ত কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, কেন মিনু রাত ৩টায় বাসা থেকে তিন কিলোমিটার দূরে গেল? তাকে ‘প্রক্সি’ দিয়ে জেল খাটানোর ঘটনায় আটকদের কোনো সংশ্লিষ্টতা আছে কি-না অথবা শুধুই আটকরা প্রক্সির ব্যবস্থা করার ক্ষেত্রে জড়িত কি-না, নাকি অন্য কেউ আছে, এসব বিষয় ‘সিরিয়াসলি’ তদন্ত করবেন। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইনস্ট্রাকশন নিতে হবে।
আদালত আইও দুই পুলিশ কর্মকর্তাকে আজ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে এ বিষয়ে জারি করা রুলের শুনানির জন্য আগামী ২২ সেপ্টেম্বর দিন ধার্য করে আদেশ দেন।
আজ মিনুর মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলার ময়না তদন্তের প্রতিবেদন ও সুরতহাল প্রতিবেদনসহ মামলার নথি নিয়ে দুই তদন্ত কর্মকর্তা হাইকোর্টে হাজির হন।
বিষয়টি নিয়ে আদালতে শুনানি করেন এডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী।
গত ২৮ জুন রাতে বায়েজিদ সংযোগ সড়ক থেকে দুর্ঘটনায় নিহত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তার পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় অজ্ঞাত হিসেবে মরদেহ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। পরবর্তীতে বায়েজিদ থানার একটি টিম সীতাকুন্ড এলাকার লোকজনকে ছবি দেখিয়ে মিনুর পরিচয় শনাক্ত করে।
এর আগে অন্যের হয়ে জেল খাটা নিরপরাধ মিনু হাইকোর্টের আদেশে মুক্তির পর ‘সড়ক দুর্ঘটনায়’ মারা যাওয়ার ঘটনাটি উচ্চ আদালতের নজরে আনেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
ইত্তেফাক/এমআর