অন্নপূর্ণা’য় নাম ভূমিকায় প্রিয়দর্শিনী

চলচ্চিত্রের প্রিয়মুখ প্রিয়দর্শিনী মৌসুমী আগামী মাসের মাঝামাঝি থেকে শুরু করতে যাচ্ছেন নতুন সিনেমা ‘অন্নপূর্ণা’র কাজ। সরকারি অনুদানে এই সিনেমাটি নির্মাণ করবেন ছোটপর্দার মেধাবী নির্মাতা আশুতোষ সুজন। বাংলা একাডেমি, একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে ‘অন্নপূর্ণা’ সিনেমাটি নির্মিত হবে, এমনটাই জানালেন প্রিয়দর্শিনী মৌসুমী। মৌসুমী ‘অন্নপূর্ণা’  সিনেমায় কাজ করার বিষয়টি নিশ্চিত করেছেন। এই সিনেমায় নাম ভূমিকায় তিনিই অভিনয় করছেন। প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, ‘এর আগেও সরকারি  অনুদানের সিনেমায় অভিনয় করেছি আমি। অন্নপূর্ণা’র গল্প আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশুতোষ সুজনের পরিচালনায় এর আগে একটি নাটকে অভিনয় করেছিলাম। এবার সিনেমাতে অভিনয় করতে যাচ্ছি। সুজন বেশ যত্ন নিয়ে কাজ করে। যেহেতু এবার সুজন সিনেমা নির্মাণ করতে যাচ্ছে, তাই কাজের প্রতি আরো বেশি আত্নবিশ্বাসী এবং মনোযোগী হয়ে উঠেছে। আমার বিশ্বাস অন্নপূর্ণা একটি ভালো সিনেমাই হবে এবং এই সিনেমার পুরো ইউনিটই আন্তরিকভাবে কাজ করে সিনেমাটির কাজ শেষ করে দর্শককে উপহার দিবে। বাকিটা সময়ই বলে দিবে।’ মৌসুমী জানান,  ‘অন্নপূর্ণা’র আগে তিনি আগামী মাসের শুরু থেকেই ‘মাতৃত্ব’খ্যাত পরিচালক জাহিদ হোসেনের ‘সোনার চর’  সিনেমার কাজ শুরু করবেন। এই সিনেমার পরপরই তিনি ‘অন্নপূর্ণা’র কাজ শুরু করবেন। যে কারণে সিনেমা দুটির কাজ শুরু করার আগে মৌসুমী দুটি চরিত্রের নিজেকে তুলে ধরা নিয়ে প্রস্তুত করছেন। এদিকে এরইমধ্যে মৌসুমী একটি ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন। মৌসুমী জানান, রাজধানীর বিজয়নগরে অবস্থিত সেই অফিসে নিজের সুবিধামতোই তিনি সময় দিবেন। নাম ভূমিকায় মৌসুমী ‘মৌসুমী’  সিনেমাতে অভিনয় করেই সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন। এছাড়াও তাকে ‘দোলা’, ‘বিদ্রোহী বধূ’, ‘মিস ডায়না’, ‘স্ত্রীর মর্যাদা’, ‘গরীবের রানী’সহ আরো বেশকিছু সিনেমায় নাম ভূমিকায় অভিনয়ে দেখা যায়। মৌসুমী পরিচালিত প্রথম সিনেমা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’। এতে অভিনয় করেছিলেন নায়করাজ রাজ্জাক, ফেরদৌস, মৌসুমীসহ আরো অনেকে। পরবর্তী সময়ে  যৌথভাবে তিনি মুশফিকুর রহমান গুলজারের সঙ্গে ‘মেহের নিগার’ সিনেমাটি নির্মাণ করেন।