মুক্তির অপেক্ষায় দিন গুনছে কঙ্গনা রানাউত অভিনীত ‘থালাইভি’। পর্দায় সবসময়েই সাহসিকতার সঙ্গে যেকোনো চরিত্র তুলে ধরেন তিনি। আর এবার যখন জয়ললিতার ভূমিকায় অভিনয় করছেন, তখনো কোনো খামতি রাখেননি। বেশ কয়েক মাস আগে রিলিজ করেছে ট্রেলার। বায়োপিকে ডাকসাইটে রাজনীতিকের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যে অভিনেত্রী ভীষণভাবে আপ্লুত, তা বলাই বাহুল্য। অবশ্য করোনা মহামারির কারণে ছবির রিলিজ পিছিয়েছে। তাহলে কবে মুক্তি পাচ্ছে কঙ্গনার বহু প্রতীক্ষিত এই সিনেমা? অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামে জানালেন—আগামী ১০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘থালাইভি’। পোস্টার রিলিজের পর সেই খুশির খবর জানিয়ে তিনি ক্যাপশনে লেখেন, এই বিখ্যাত ব্যক্তিত্বের কাহিনি শুধুমাত্র বড়পর্দায় সাক্ষী হওয়ার যোগ্য! ‘থালাইভি’র জন্য আপনারা সকলেই অপেক্ষা করেছেন। এবার সিনেমার পর্দায় একজন সুপারস্টার এবং একজন নেত্রীর আগমন হতে চলেছে। ১০ সেপ্টেম্বর আপনার কাছের প্রেক্ষাগৃহে আসছে ‘থালাইভি’। পাশাপাশি দুটি হ্যাশট্যাগও জুড়ে দেন— ‘থ্যালাইভি অন দ্য বিগস্ক্রিন’, ‘থ্যালাইভি ইন থিয়েটারস’। প্রসঙ্গত, ট্রেলারেই মন কেড়েছিল সবার। আর সেই সিনেমা যে বড়পর্দায় ঝড় তুলবে, তা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না। জয়ললিতার জীবনের নানা অজানা গল্প এবং তার লড়াই ও রাজনৈতিক গুরুত্বের মতো যাবতীয় বিষয় তুলে ধরা হয়েছে ছবিটিতে। কঙ্গনা ছাড়াও তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এমজি রামচন্দ্রন’র (এমজিআর) ভূমিকায় অভিনয় করেছেন অরবিন্দ স্বামী। অনেকেরই মন্তব্য, এই সিনেমার জন্য জাতীয় পুরস্কার বাঁধা কঙ্গনার ঝুলিতে। তা পর্দায় কতটা ‘জয়া’ হয়ে উঠতে পারলেন কঙ্গনা? তা অবশ্য রিলিজের পরই বলা যাবে। উল্লেখ্য, ‘থালাইভি’ হিন্দি, কন্নর, তেলেগু, মালায়ালাম ভাষাতেও মুক্তি পাচ্ছে।
সদ্যই কঙ্গনা শেষ করেছেন অ্যাকশন ছবি ‘ধাক্কার’র শুটিং। তারপরেই উড়ান ‘তেজাস’র পথে। আর তাই কঙ্গনা রানাউত ধরা দিলেন আইএএফ পাইলটের পোশাকে, নেটদুনিয়ায় শুধুই প্রশংসা। ‘তেজাস’ ছবির শুটিং শুরুর প্রথম দিনেই একটি ছবি শেয়ার করেন কঙ্গনা! ক্যাপশনে লেখেন, ‘আমার পরবর্তী মিশনে। আজ থেকে শুরু হলো। জোশ একেবারে তুঙ্গে। আমার টিমকে ধন্যবাদ।’ ক্যাপশনে জুড়েছেন ভারতের তেরঙ্গা পতাকা। ছবিতে নীল রঙের ভারতীয় এয়ারফোর্স পাইলটের উর্দি পরনে কঙ্গনাকে দেখা গেল পরিচালকের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত। উল্লেখ্য, ‘তেজাস’ গল্পটি একজন সাহসিনী যুদ্ধবিমান চালিকার। এমন একটি ছবির অংশ হতে পেরে বেজায় উচ্ছ্বসিত কঙ্গনা। সম্প্রতি কঙ্গনা অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ধকড়’র শুটিং শেষ করেছেন। ছুটি নেওয়ার ফুরসত নেই তার। তারপর দুদিন ব্যস্ত ছিলেন তার পরবর্তী ছবি ‘টিকু ওয়েডস শেরু’র পি-প্রোডাকশনের কাজে। সেখান থেকে ফিরেই শুরু করেন ‘তেজাস’র শুটিং।
৩৪ বছর বয়সী কঙ্গনা নিজেকে বলিউডে গুরুত্বপূর্ণ একটি জায়গায় অধিষ্ঠিত করেছেন। মোট চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন; এর মধ্যে তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ও একবার শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেত্রী বিভাগে। এছাড়াও তিনি চারবার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছেন। ফোর্বসের ভারতের ১০০ তারকা তালিকায় ছয়বার তার নাম এসেছে। ২০২০ সালে ভারত সরকার তাকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে ভূষিত করে।
হিমাচল প্রদেশের ছোট শহর ভাম্বলায় জন্মগ্রহণকারী রানাওয়াত তার মা-বাবার পীড়াপীড়িতে শুরুতে ডাক্তার হতে চেয়েছিলেন। তবে কর্মজীবন শুরুর লক্ষ্যে তিনি মাত্র ১৬ বছর বয়সে দিল্লিতে পাড়ি জমান এবং কিছুদিন মডেলিং করেন। মঞ্চ অভিনয়ের প্রশিক্ষণ লাভের পর ২০০৬ সালের থ্রিলার ছবি গ্যাংস্টার’র মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন এবং শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। তারপর কঙ্গনা ‘ও লামহে’, ‘লাইফ ইন আ... মেট্রো’, ও ‘ফ্যাশন’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন। এরমধ্যে ‘ফ্যাশন’ ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।