রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ, তাদের মানবাধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। 

মঙ্গলবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। বুধবার ঢাকায় এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। 

বৈঠকে ড. মোমেন মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের লক্ষে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য মিয়ানমারের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে বলে জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

দেশটির সামরিক বাহিনীর নির্মম নির্যাতনে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ১১ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজার জেলায় আশ্রয় নিয়েছে। 

ড. মোমেন স্বল্পোন্নত দেশগুলোর (ইউএনএলডিসি-৫) পঞ্চম জাতিসংঘ সম্মেলনের প্রস্তুতির জন্য জেনেভায় জাতিসংঘ সদর দপ্তরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক পর্যালোচনা সভায় যোগ দিতে তিনদিনের সফরে জেনেভায় রয়েছেন। বাংলাদেশ সরকার, জাতিসংঘ-ওএইচআরএলএলএস এবং জাতিসংঘ-ইএসসিএপি এ পর্যালোচনা সভার আয়োজন করেছে। বাসস

 

ইত্তেফাক/ইউবি