তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা
বাংলাবান্ধা স্থলবন্দরটিতে ট্রাফিক ব্যবস্থা না থাকায় গত এক সপ্তাহ ধরে প্রায় পাঁচ কিলোমিটার মহাসড়ক জুড়ে পণ্যবাহী ট্রাক আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নেপালে রপ্তানির জন্য কয়েক শ পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে বলে জানা গেছে। বন্দরের সৃষ্ট এই সংকট নিরসনে সোমবার বাংলাবান্ধা স্থলবন্দরে জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ইউসুফ আলী, ১৮ বিজিবি সিও লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান, জেলা এনএসআই ডিডি ইনচার্জ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা প্রমুখ।
সমন্বয় সভায় বাংলাবান্ধা স্থলবন্দরে ট্রাফিক ম্যানেজমেন্ট হিসেবে ব্যাটালিয়ন আনসার নিয়োগ, বন্দরসংলগ্ন এলাকায় ট্রাক স্ট্যান্ডের জন্য এক বা একাধিক মাঠ ভাড়া নেওয়া, পোর্টের জন্য জমি অধিগ্রহণ করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।