ফারইস্ট লাইফের পরিচালনা পর্ষদ অপসারণ

আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ

ইত্তেফাক রিপোর্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের ফারইস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্সের বর্তমান পরিচালনা পর্ষদকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া যারা গত ১০ বছরে ফারইস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্সের আর্থিক অপরাধ এবং মানি লন্ডারিং করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। গতকাল বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসইসি বিনিয়োগকারী, পলিসি হোল্ডার এবং সামগ্রিক পুঁজিবাজারের সুরক্ষার জন্য ফারইস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের ১০ জন স্বতন্ত্র পরিচালক মনোনীত এবং নিযুক্ত করেছে যারা কোম্পানির নতুন পরিচালনা পর্ষদ গঠন করবে। এছাড়াও কমিশন কোম্পানির বর্তমান পরিচালনা পর্ষদকে অনতিবিলম্বে অপসারণের নির্দেশ প্রদান করেছে। পুনর্গঠিত পরিচালনা পর্ষদ ড. মোহাম্মদ রহমতউল্লাহকে বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করবে এবং করপোরেট গভর্ন্যান্স কোড ২০১৮ পরিপালন সাপেক্ষে শুধু স্বতন্ত্র পরিচালকের সমন্বয়ে একটি নিরীক্ষা কমিটি গঠন করবে ও একটি নমিনেশন ও রেমিউনিরেশন কমিটি গঠন করবে।

পুনর্গঠিত পরিচালনা পর্ষদ আগামী ছয় মাসের মধ্যে কোম্পানির শীর্ষ ব্যবস্থাপনা পুনর্গঠন করবে, করপোরেট ক্যাশ ও সম্পদ ফিরিয়ে আনবে এবং যারা গত ১০ বছরে ফারইস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্সের আর্থিক অপরাধ এবং মানি লন্ডারিং করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

পুনর্গঠিত পরিচালনা পর্ষদ এই মর্মে নিশ্চিত করবে যে, কোম্পানির সঙ্গে তাদের কোনো স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক নেই এবং করপোরেট গভর্ন্যান্স কোড ২০১৮, বিমা আইন ২০১০ ও অন্যান্য সিকিউরিটিজ আইন পরিপালন করবে।