ভারতের এক জেলায় ‘রহস্যময়’ জ্বরে ১০ দিনে ৪৫ শিশুর মৃত্যু

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের ফিরোজাবাদ জেলায় ‘রহস্যময়’ জ্বরে ১০ দিনে ৫৩ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৫ জনই শিশু। এসব মৃত্যুর জন্য ডেঙ্গুর প্রাদুর্ভাব দায়ী বলে মনে করা হচ্ছে, নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে উত্তর প্রদেশ সরকার। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, ফিরোজাবাদ মেডিক্যাল কলেজে যেসব দৃশ্য দেখা গেছে তা আতঙ্কিত হওয়ার মতো। জ্বরে আক্রান্ত সারি সারি শিশু শুয়ে আছে আর উদ্বিগ্ন মা-বাবা তাদের সুস্থতার জন্য প্রার্থনা করছেন। তিন দিন ধরে জ্বরে ভোগার পর ছয় বছরের লাকিকে তার পরিবার সরকারি এই হাসপাতালে নিয়ে এসেছিল। লাকির চাচা প্রকাশ জানান, এখানকার চিকিত্সকরা লাকিকে আগ্রা নিয়ে যেতে বলেন। তিনি বলেন, ‘আমরা আগ্রা পৌঁছানোর ১০ মিনিট আগেই সে মারা যায়।’ খবর বিবিসি ও এনডিটিভির।

হাসপাতালে ছেলে অভিজিতের পাশে বসে ছিলেন সুনিল। তিন দিন আগে তার মেয়ে অঞ্জলি জ্বরে ভুগে মারা গেছে। তিনি বলেন, ‘ছয় দিন আগে আমার সন্তানরা জ্বরে পড়ে। আমার মেয়ে চলে গেছে আর ছেলে এখন হাসপাতালে।’ হাসপাতালটির শিশু বিশেষজ্ঞ ডা. এল কে গুপ্তা জানান, অধিকাংশ শিশুই ভাইরাস জ্বরে ভুগছে আর তাদের মধ্যে কয়েক জনের ডেঙ্গু সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে এ ধরনের লক্ষণ নিয়ে ১৮৬ জন ভর্তি আছেন, এদের অধিকাংশই শিশু।

ফিরোজাবাদের জেলা হাকিম সরকারি-বেসরকারি সব ধরনের স্কুলের প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির ক্লাস ৬ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগি অদিত্যনাথ মঙ্গলবার ফিরোজাবাদ হাসপাতাল পরিদর্শন করেন ও মৃত্যু হওয়া কয়েক জন শিশুর বাড়িতে যান এবং মৃত্যুর কারণ বের করতে অনুসন্ধানী দল গঠনের আশ্বাস দেন। ১৮ আগস্ট জেলাটিতে জ্বরের প্রাদুর্ভাবের বিষয়টি প্রথম সামনে আসে বলে জানিয়েছেন স্থানীয় এমএলএ মনিশ আসিজা।