জাপানে মডার্নার টিকায় এবার ‘কালো কণা’

বিবিসি ও রয়টার্স

জাপানে করোনা ভাইরাস টিকার একটি ভায়ালে ‘অন্য উপাদান’ পাওয়ায় জাপান মডার্নার ভ্যাকসিনের আরো একটি ব্যাচ স্থগিত করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, একজন ফার্মাসিস্ট কানাগাওয়া প্রশাসনিক এলাকায় মডার্নার টিকার একটি ভায়ালে বেশ কিছু কালো কণা দেখতে পান। এই ব্যাচ থেকে ইতিমধ্যে ৩ হাজার ৭৯০ জনকে টিকা দেওয়া হয়েছে এবং বাকি ডোজের প্রয়োগ স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে তারা।

টিকা ব্যবহারের আগে তাতে অন্য কোনো উপদান আছে কি-না, তা পরীক্ষার সময় ভায়ালে কালো কণা খুঁজে পান ঐ ফার্মাসিস্ট। দূষিত বলে সন্দেহ করা ভায়ালটি সংগ্রহ করেছে জাপানে মডার্নার টিকা বিক্রি ও সরবরাহের দায়িত্বে থাকা তাকেদা ফার্মাসিউটিক্যালস। তবে সম্ভাব্য এই দূষিত টিকার কারণে কোনো স্বাস্থ্যগত বিপদ ঘটেছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। মাত্র ছয় দিন আগে মডার্নার টিকায় দূষণ পাওয়ায় জাপান কোম্পানিটির একটি ব্যাচের প্রায় ১৬ লাখ ৩০ হাজার ডোজের প্রয়োগ বন্ধ রাখে। ঐ সময় ৫ লাখ ৬০ হাজার ভায়ালের একটি ব্যাচের কিছু ডোজে ‘অন্য উপাদান’ পাওয়ার পর তাকেদা ফার্মাসিউটিক্যালস টিকাটির তিনটি ব্যাচের সরবরাহ স্থগিত রেখেছিল।

মডার্নার এই টিকাগুলো বোতলজাতকারী স্পেনীয় ওষুধ কোম্পানি রোভি এক বিবৃতিতে বলেছে, স্পেনের একটি উত্পাদন লাইন এই সমস্যার কারণ হতে পারে। তারা এ বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।

 

০