বিএনপিকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান তথ্যমন্ত্রীর

ইত্তেফাক রিপোর্ট

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদেরকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার দুপুরে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ মিলনায়তনে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্র্যাব এর অনলাইন পোর্টাল ক্র্যাবনিউজবিডিডটকম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বিএনপির প্রতি এ আহ্বান জানান।

ক্র্যাব সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফের সঞ্চালনায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ বিশেষ অতিথি হিসেবে এবং ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী, ক্র্যাবের প্রধান উপদেষ্টা শংকর কুমার দে,  জ্যেষ্ঠ সাংবাদিক সাখাওয়াত হোসেন বাদশা, খায়রুজ্জামান কামাল, মোতাহার হোসেন প্রমুখ আমন্ত্রিত অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি তাদের অভিনন্দন জানাই। তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রত্যাশা থাকবে বিএনপি এতদিন ধরে যে যুদ্ধাপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া, জঙ্গি-সন্ত্রাসী, পেট্রোল বোমার রাজনীতি করে আসছিল, সেই অপরাজনীতি থেকে বেরিয়ে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসবে। তাহলে দেশ এবং রাজনীতি উপকৃত হবে।’

চট্টগ্রামে এফডিসির শাখার জন্য জমি দিল বিটিভি :বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-বিএফডিসির চট্টগ্রাম শাখা স্থাপনের জন্য এক একর জমি ব্যবহারিক ভিত্তিতে তাদের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ। বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন এবং বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন এ বিষয়ক দলিলে স্বাক্ষর করেন। মন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন এসময় উপস্থিত ছিলেন।