বিশেষ প্রতিনিধি
রাজধানীর খিলগাঁও এলাকার দক্ষিণ গোড়ানে মো. রনি (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে সাড়ে ১১টায় চিকিত্সক মৃত ঘোষণা করেন।
মৃতের মা রানু বেগম বলেন, রনির চলাফেরা ছিল অন্য রকম। মাসে সে একবার গোসল করত। গোসলের কথা বললে সে খুব রেগে যেত। ভালো কাপড় থাকা সত্ত্বেও সে ছেঁড়া কাপড় পরত। গোড়ানে আমাদের ফলের দোকান আছে। সেখানে সে ছেঁড়া কাপড় পরে বসত। এজন্য তাকে বলেছিলাম ভালো কাপড় পরে দোকানে বসতে। তারপর সে দোকান থেকে বাসায় চলে আসে। গত সোমবার বাসায় এসে দেখি রনি রান্না করা সব খাবার ফেলে দিচ্ছে। তিনি আরো বলেন, ‘গতকাল আমাকে বলছে ঘুরতে যাবে এজন্য ৩ হাজার টাকা লাগবে। পরে তার খালাকে ফোন দিয়ে বলে আম্মাকে বল টাকা দিতে। আমার বোনের ফোন পেয়ে আমি তাকে টাকা দিই। আজ (গতকাল) সকালে আমি বাইরে থেকে এসে দেখি বাথরুমে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। তারপরও তাকে বাঁচাতে পারলাম না।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, পরিবার জানিয়েছে কোনো কারণ ছাড়াই সে আত্মহত্যা করেছে। মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।